চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫৫
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রক্রিয়া বাতিল এবং আন্দোলন দমাতে হয়রানি ও দমন-পীড়ন বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন এ কর্মসূচি ঘোষণা করেন।
সংগঠনটির ডাকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে বন্দরে অচলাবস্থার মধ্যেই তাদের আরও কঠোর কর্মসূচির ঘোষণা এল। ইব্রাহিম খোকন বলেন, ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ডাকা কর্মবিরতি কর্মসূচিতে শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।
এ কারণে চার দিন ধরে এ কর্মসূচি সফলভাবে চলছে। আমরা আশা করেছিলাম, সরকার শ্রমিক-কর্মচারীদের দাবি মেনে ইজারা প্রক্রিয়া থেকে সরে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম, সরকার ও বন্দর কর্তৃপক্ষ সেই পথে না গিয়ে উল্টো আন্দোলনকারীদের বদলিসহ নানা প্রক্রিয়ায় হয়রানি ও দমন-পীড়ন শুরু করেছে।
আমরা তাদের হয়রানি বন্ধ করার আহ্বান জানাই। সরকার যতক্ষণ পর্যন্ত ইজারা প্রক্রিয়া বাতিলের ঘোষণা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
এদিকে কর্মবিরতির কারণে মঙ্গলবারও বন্দরের ভেতরে কোনো কাজ হয়নি বলে দাবি করেন তিনি।
এনসিটি পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রবিবার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিনে জাতীয়তাবাদী শ্রমিক দলের নামে কর্মসূচি দেয়া হলেও সেদিন বিকেলে জানানো হয়, তাদের এ কর্মসূচি।
সোমবারও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলার মধ্যেই কর্মসূচি অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা এল।
আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী কর্মচারীদের বদলি করার ঘটনাও ঘটেছে।
ইউডি/এআর

