জামায়াতের নির্বাচনি ‘জনতার ইশতেহার’ ঘোষণা বুধবার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২০:৫০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামীকাল সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহারটি প্রকাশ করা হবে। এতে দলীয় আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও দেশের বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। ইশতেহার প্রকাশের মাধ্যমে দলটি তাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা দেশি-বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরবে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় রেখে এবারের ইশতেহারটি অত্যন্ত আধুনিক ও জনমুখী করে প্রস্তুত করা হয়েছে। বিশেষ বিষয় হলো, ‘জনতার ইশতেহার’ প্রণয়নে আগে থেকেই অ্যাপভিত্তিক প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। দলটির দাবি, প্রায় ৩৭ লাখের বেশি মানুষের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও প্রত্যাশা এই ইশতেহারে প্রতিফলিত হয়েছে।
ইউডি/এবি

