মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা

মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪৫

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে আবারও উত্তাল কারাকাস। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজপথে সমাবেশ করেন মাদুরোর সমর্থকরা।

অবৈধভাবে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের এক মাস পেরিয়ে গেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির ব্যাপারে আশার আলো দেখছেন না সমর্থকরা। তবুও তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার কারাকাসের রাস্তায় নামেন অনেকে।

সমাবেশে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি- পিএসইউভির নেতা-কর্মী ও বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে মাদুরোকে সুপারহিরো চরিত্র ‘সুপার বিগোটে’ রূপে দেখানো প্রতীক, খেলনা ও পোস্টার ছিল চোখে পড়ার মতো।

এসময়, আমেরিকার সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মাদুরোর ছেলে। একইদিন মিরাফ্লোরেস প্রাসাদে বক্তব্য দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে।

রদ্রিগেজ বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাজের এজেন্ডা গড়া সম্ভব।

তার সঙ্গে ছিলেন জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো।

তিনি স্মরণ করিয়ে দেন, আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

এদিকে, কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী আমেরিকা ভেনেজুয়েলাকে প্রথম ধাপে তেল বিক্রির অর্থ হিসেবে ৫০ কোটি ডলার ফেরত দেয়।

গত মাসে দুই দেশের মধ্যে এই তেল চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও, মার্কিন তরলীকরণ পদার্থ ভেনেজুয়েলায় রফতানি বিষয়েও একট প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

যেটি কার্যকর হলে ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবে। এতে অপরিশোধিত তেলকে রফতানিযোগ্য করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ ওয়াশিংটনের কাছ থেকে কিনতে পারবে কারাকাস।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading