শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা, যান চলাচল বন্ধ
উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৫০
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।
সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বাংলামোটর পর্যন্ত সড়কজুড়ে ইটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বাংলামোটরের ফুটওভার ব্রিজ ও আশপাশের ভবনের ছাদে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। সন্ধ্যা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয়। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল শুরু হলেও শাহবাগ অবরোধের ফলে যান চলাচল আবারও বন্ধ হয়ে যায়।
হাদি হত্যার বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরের পর থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় ও বাংলামোটরের আশেপাশের এলাকায় জমায়েত বাড়তে থাকে।
আন্দোলনকারীরা যাতে মিন্টো রোডের ভিভিআইপি জোনে প্রবেশ করতে না পারে, সেজন্য পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ হার্ডলাইনে যায়। শুরু হয় সংঘর্ষ।
পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের একটি অংশকে শাহবাগের দিকে এবং অন্য অংশকে বাংলামোটরের দিকে সরিয়ে দেয়।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করে দলটির নেতাকর্মীরা।
পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করেন। রাতভর তাদের কয়েকজন সেখানেই অবস্থান করেন।
ইউডি/এআর

