রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান
উত্তরদক্ষিণ। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২২:৩০
বিএনপি ক্ষমতায় গেলে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কুর্মিটোলায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই বিএনপির চেয়ারম্যান সেনাবাহিনী নিয়ে তার নিজস্ব স্মৃতিকাতরতা তুলে ধরেন। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর মর্যাদা ও গৌরব ইস্যুতে সেনাবাহিনীকেই সজাগ থাকতে হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত দেড় দশকে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা নিজেরা নিজেদের জিজ্ঞাসা করলে অনেক উত্তর পাওয়া যাবে। সেনাবাহিনী ভিন্ন কাজে যুক্ত থাকলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। ফ্যাসিবাদের কবলে পড়ার পর সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। বিএনপি ক্ষমতায় যেতে পারলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না সেনাবাহিনীকে।
‘সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সচেতন থাকবে, কিন্তু রাজনীতির চাদরে যেন সেনাবাহিনী আচ্ছাদিত না হয়ে যায়, সেই ব্যাাপরে সেনাবাহিনীর সদস্যের সতর্ক থাকতে হবে’, যোগ করেন তিনি।
ইউডি/এবি

