ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা 

ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা 

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২০

ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদানসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হলে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি জানান, এবারের নির্বাচনের তিনটি নতুন বৈশিষ্ট্য রয়েছে—সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন, তাদের বিশেষ প্রশিক্ষণ এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার।তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে বডি-ওর্ণ ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যরা নির্বাচনি সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছালে অ্যাপটি চালু করা হবে।নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটগ্রহণের আগে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেখানে প্রয়োজনে বাঁশ দিয়ে হলেও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে।উপদেষ্টা বলেন, ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। পোস্টাল ব্যালটের তিনি বলেন, পোস্টাল ব্যালট গণনার সময় বিভিন্ন প্রার্থীদের প্রতিনিধি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখতে হবে। কেননা, কোনো কোনো আসনে পোস্টাল ব্যালট ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপদেষ্টা এ বিষয়ে রিটার্নিং অফিসারদের সচেতন থাকার নির্দেশ দেন।তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর রিজার্ভ ফোর্স রাখতে হবে, যারা ফজরের সময় থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করবে। ভোট গণনায় সময় বেশি লাগলে দায়িত্বও দীর্ঘায়িত হতে পারে। তবে কোনো অবস্থাতেই প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে অর্থ, খাবার বা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না।সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, নির্বাচন অনুষ্ঠানের আর ৪৮ ঘণ্টারও কম সময় বাকি রয়েছে। এ সময়ে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে টহল জোরদার করতে হবে এবং আগেই স্ট্রাইকিং ম্যাপ নির্ধারণ করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব অনেক, তাই জাতীয় নির্বাচনের দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি থাকবে। নির্বাচনে নিয়োজিত সবাইকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এনডিসি পিএসসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, র‌্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এনডিসি পিএসসি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি পিএসসি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading