বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে: আসিফ নজরুল

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে: আসিফ নজরুল

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১১:৩০

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিজের শেষ কর্মদিবসে ড. আসিফ নজরুল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে সঠিক বলে অভিহিত করে নানান ব্যাখ্যা দিয়েছিলেন। সেখানে না খেলার সিদ্ধান্তটা সরকার নয় বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর দায় চাপানো হয়েছিল।

তবে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ক্রীড়া উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই প্রসঙ্গে আবারও ব্যাখ্যা দিয়েছেন।

আসিফ নজরুল লিখেছেন, “গতকাল একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আমার বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়। এক পর্যায়ে আমাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ আছে কি না। আমি বলেছি, আক্ষেপের প্রশ্নই আসে না। এরপর আমি যা বোঝাতে চেয়েছি, তা আমার কথার প্রেক্ষিত ও অন্তর্গত বার্তাকে উপলব্ধি না করে উপস্থাপিত হওয়ার কারণে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে তার ভাষ্য, “আমি জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন বক্তব্যে স্পষ্টভাবে জানাই যে, নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারের সিদ্ধান্ত।

আমি অবশ্যই এই বক্তব্যে অটল আছি। গতকাল বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত কার নেওয়া- এটি কোনো আলোচ্য বিষয় ছিল না, এ-নিয়ে কোনও প্রশ্নও করা হয়নি।”

এরপর তিনি যোগ করেন, “গতকালের অনুষ্ঠানটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়কে খেলার মাঠের উন্নয়নের জন্য ২ কোটি টাকা চেক প্রদানের অনুষ্ঠান।

ক্রিকেটের এরকম স্পর্শকাতর সময়ে আমি তাদের এই বদান্যতায় কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়ি। সেসময় সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন, বিশ্বকাপ না খেলা নিয়ে কোনও দুঃখ আছে কিনা, তখন আমার মনে হয়েছে, এখানে আমার বা সরকারের তো দুঃখের বিষয়টা মূল বিষয় নয়।

মূল বিষয় হচ্ছে- ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের আত্মত্যাগ।”খেলোয়াড়দের কৃতিত্ব দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, “বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অবশ্যই সরকার নিয়েছে, কিন্তু এটিও তো সত্যি যে, এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে।

আর্থিক ক্ষতি, না খেলার বঞ্চনা এবং আরো শাস্তির ভয় সত্ত্বেও তারা এটা মেনে নিয়েছে। এই হিসেবে দেশের মানুষের নিরাপত্তা ও দেশের মর্যাদার স্বার্থে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তের কৃতিত্বের মূল দাবিদার তারাই।”

নিজের ব্যর্থতা স্বীকার করে আসিফ নজরুল লিখেছেন, “সাংবাদিক সম্মেলনে অপ্রস্তুত আলাপে বিষয়টি ভালো করে না বুঝিয়ে বলতে পারার ব্যর্থতা এখানে স্বীকার করে নিচ্ছি। আবারও দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে।

কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটাররা মেনে নিয়েছে। না হলে এই সিদ্ধান্তে অটুট থাকাটা হয়তো এতোটা সহজ হতো না।”

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading