কক্সবাজার-৩ আসনে ধানের শীষের জয়

কক্সবাজার-৩ আসনে ধানের শীষের জয়

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী লুৎফুর রহমান কাজল। ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

কক্সবাজার-৩ আসনের মোট ১৮২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোটের হিসেবে লড়াই হয়েছে মূলত বিএনপি এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীর মধ্যে।

ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, লুৎফুর রহমান কাজল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল আলম বাহাদুরের চেয়ে ২৮ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শেষ হাসি হাসলেন ধানের শীষের কাজল।

পর্যটন নগরী কক্সবাজারের এই আসনটি সারা দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি এবং দীর্ঘ সারি প্রমাণ করেছে নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থা। বিশেষ করে রামু ও ঈদগাঁও এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে।

এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে।

মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading