‘সংসদে ভিন্নমতের পরিবেশ নেই, আমাকে গালিগালাজ করা হয়েছে’: রুমিন ফারহানা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:৫৯
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংসদে ভিন্নমত প্রকাশের মতো পরিবেশ নেই। গতকাল বুধবার সংসদে বক্তব্য দেওয়ার পর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনার সময় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয়নি। আমি কথা বলার পর সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি, সেটা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।’
রুমিন বলেন, ‘আমার কথার যদি কোনো কাউন্টার বলার বিষয় থাকে, সেটা দাঁড়িয়ে বলা যেত। আমি বক্তব্য শেষ করার পর বক্তব্য দেওয়া যেত।’
তিনি আরও বলেন, ‘শুধু তাই নয় মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমারই আশপাশের সংসদ সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে প্রত্যেক সদস্যের বাকস্বাধীনতা নিশ্চিত করা উচিত। সরকারি দল কিংবা বিরোধী দলের—কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় অন্য পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার বলেন, ‘গতকাল যা হওয়ার হয়ে গেছে। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আপনি এখন বিলটির জনমত যাচাই এবং বাছাই কমিটি সম্পর্কে বক্তব্য রাখতে পারেন। ইতোমধ্যে আপনি মোটামুটি আপনার ফিলিং বলেছেন। আই হ্যাভ অল দ্য… আই রেসপেক্ট ইউর সেন্টিমেন্টস।’
এরপর রুমিন ফারহানা বলেন, সংসদে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য থাকবেন। প্রত্যেকের মত আলাদা হতে পারে এবং তা প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত।
২০১৮ সালের আওয়ামী লীগ সরকারের সময়ের সংসদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই সংসদে যখন একা দাঁড়িয়ে আওয়ামী লীগের ২০১৮-এর সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনও আমাকে এই জঘন্য একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এরপর কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদে আসলাম। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু “না”-তে ভোট দেওয়ার জন্য থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।’
এর আগে বুধবার সংসদে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে চরম হট্টগোল হয়। ‘বিএনপি সরকার ক্ষমতায় বাংলাদেশে ঋণখেলাপি থাকবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে—এটা তো হতে পারে না’—এমন বক্তব্যকে ঘিরে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
ইউডি/রেজা

