নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: বিএনপি
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ০১:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনে কিছু প্রার্থীকে বিজয়ী করে আনতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ (নির্বাচনী কারসাজি) করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এরপর ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন আসনে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন আসনের নির্দিষ্টসংখ্যক কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হয়, যাতে কোন প্রার্থী কত ভোট পেতে চলেছেন, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এই ফল ঘোষণার মধ্যে রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, ‘নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য একধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের কাছে।’
মাহদী আমিন জানান, বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। এর ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে।
ইউডি/এবি

