ইউক্রেনে রুশ হামলা অব্যাহত, তেলে আসছে নতুন নিষেধাজ্ঞা

ইউক্রেনে রুশ হামলা অব্যাহত, তেলে আসছে নতুন নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০

ইউক্রেনজুড়ে রাশিয়ার ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে হতাহতের সংখ্যা। বিভিন্ন শহরে বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলার ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকার ঘটনা ঘটছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় ফ্রন্টলাইনের কৌশল ও সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। পাল্টা হামলায় রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করেছে কিয়েভ।

এদিকে যুদ্ধের প্রভাব মোকাবিলায় রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে রুশ তেল পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ নিয়ন্ত্রণের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব কার্যকর হলে রাশিয়ার জ্বালানি আয় কমে গিয়ে যুদ্ধ পরিচালনায় চাপ বাড়বে বলে মনে করছেন ইউরোপীয় নেতারা। একই সঙ্গে রুশ আর্থিক খাত ও প্রযুক্তি আমদানির ওপরও নতুন বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, যুদ্ধ এবং ভূরাজনৈতিক চাপের প্রেক্ষাপটে নিজেদের অর্থনৈতিক কাঠামোও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বেলজিয়ামে বৈঠকে ২৭ দেশের নেতারা প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সময়সীমাবদ্ধ একটি ‘অ্যাকশন প্ল্যান’-এ একমত হয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, জ্বালানি গ্রিড উন্নয়ন, আর্থিক সমন্বয় জোরদার এবং বড় ইউরোপীয় শিল্পগোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সামরিক চাপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক প্রতিযোগিতাও ইউরোপকে দ্রুত সংস্কারের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক অবস্থানও ইউরোপের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

তবে যুদ্ধক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠছে কূটনৈতিক অচলাবস্থা। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মতপার্থক্য থাকলেও সংলাপের পথ খোলা রাখা উচিত এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি যোগাযোগে আগ্রহী। তবে ইউরোপের একাংশ মনে করছে, চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে আলোচনা নিয়ে সতর্কতা জরুরি। খবর সিএনএনের।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading