দেশে দেশে পবিত্র রমজানের প্রস্তুতি
উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:৪৫
পবিত্র রমজান সামনে রেখে দেশে দেশে চলছে প্রস্তুতি। ধ্বংস্তস্তূপের মধ্যেই নিজেদের সাধ্যমতো রমজানের প্রস্তুতি নিচ্ছেন অসহায় গাজাবাসী। রোজা শুরুর আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় পার করছেন ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। তবে বৈশ্বিক নানা সংকটসহ বিভিন্ন কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা তাদের।
ইসরাইলি বর্বরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে থাকা শিশুরা তাবু সাজাচ্ছে কোমল পানীয়র ক্যান থেকে। চারিদিকে সেনাদের নজিরবিহীন হামলার ধ্বংসস্তূপ, স্বজন হারানোর যন্ত্রণা, খাদ্যের তীব্র সংকট যখন নিত্যসঙ্গী, সেসময় নিঃস্ব মানুষগুলোর একমাত্র অবলম্বন মহান আল্লাহর ইবাদত।
জীবনের নিশ্চয়তা না থাকলেও সিয়াম সাধনার মধ্য দিয়ে মাসটি অতিবাহিত করার প্রত্যয় গাজাবাসীর। গাজার বিভিন্ন জায়গায় নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
পবিত্র রমজান শুরুর আগেই নিজেদের সাধ্যের মধ্যে কেনাকাটা সারছেন ফিলিস্তিনিরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। পবিত্র মাহে রমজান সামনে রেখে দেশটিতে চলছে নানা প্রস্তুতি। রোজার মাসে প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সিয়াম সাধনার মাস শুরুর আগে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ।
জাকার্তার কাঁচাবাজারগুলোতে ভিড় থাকলেও ক্রেতাদের ব্যাগে পণ্য উঠছে কম। মুদ্রাস্ফীতির চাপে মাংসের দোকানে বিক্রি নেমে এসেছে অর্ধেকে। বিক্রেতাদের অভিযোগ, সরকারের ‘ফ্রি মিল’ প্রোগ্রামের মতো উদ্যোগগুলোর কারণে বাজারে সরবরাহ কমছে, যার সরাসরি প্রভাব পড়ছে বেচাকেনায়। পাকিস্তানের চিত্রও খুব একটা ভিন্ন নয়।
করাচি থেকে ইসলামাবাদ, সবখানেই সাধারণ মানুষের চোখে-মুখে উৎকণ্ঠা। মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম সবজির বাজারকে করেছে অস্থির।
খেজুরের মতো নিত্যপণ্যের ট্যাক্স বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে আর্থিক এই সংকট মোকাবিলায় পাকিস্তান সরকার ৩ হাজার ৮০০ কোটি রুপির ‘রমজান রিলিফ প্যাকেজ’ ঘোষণা করেছে।
উৎসবের আমেজ ছাপিয়ে এই দুই দেশের মানুষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাশ্রয়ী মূল্যে ইফতার ও সেহরির আয়োজন করা।
ইউডি/এআর

