নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে আশ্বস্ত করেছে বিএনপি: জামায়াত আমির
উত্তরদক্ষিণ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২২:৩০
নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। এর ঠিক আধা ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন শফিকুর রহমান।
সেখানে জামায়াতের আমির লেখেন, ‘আমাদের আলোচনায় তিনি (তারেক রহমান) আশ্বস্ত করেছেন যে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এ আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।’
জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে জামায়াত পূর্ণ সহযোগিতা প্রদান করবে উল্লেখ করে পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহির প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকব।’
ইউডি/এবি

