পাকিস্তানকে পাত্তা না দিয়ে সুপার এইটে ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৩০
ইশান কিষানের বিধ্বংসী ইনিংসের পর, পেস-স্পিনের যৌথ আক্রমণে জিতে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য ধরে রাখল ইন্ডিয়া।
অনেক টানাপোড়েন, বিতর্ক আর বৃষ্টির চোখরাঙানি পেরিয়ে ম্যাচ হলো নির্বিঘ্নে। তবে লড়াই জমল না একটুও। শুরুর ধাক্কা সামলে ইশান কিষানের খুনে ব্যাটিং ও কয়েকটি কার্যকর ইনিংসে ভারত গড়ল লড়াইয়ের পুঁজি। রান তাড়ায় মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং। বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল শিরোপাধারীরা।
কলম্বোয় রবিবার (১৫ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্ডিয়ার জয় ৬১ রানে। তাদের ১৭৫ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য ধরে রাখল ভারত। দুই দলের নয় বারের দেখায় ইন্ডিয়া জিতল আটটিতে। পাকিস্তান জিততে পারে শুধু ২০২১ আসরের ম্যাচে।
চলতি আসরে টানা তৃতীয় ও সব মিলিয়ে বিশ্বকাপে টানা ১১ ম্যাচ জিতল ভারত।
কিষানের ১০ চার ও তিন ছক্কায় ৪০ বলে ৭৭ রানের ইনিংস গড়ে দিয়েছে বড় পার্থক্য। ম্যাচ-সেরার স্বীকৃতিও পান এই বাঁহাতি কিপার-ব্যাটসম্যান।
বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে শুরুতে ইন্ডিয়ার বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। ক্রিকেট বিশ্বের নানা আলোচনা-সমালোচনা এবং পরবর্তিতে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। তবে গত এশিয়া কাপে শুরু হওয়া ধারা ধরে রেখে এই ম্যাচেও শুরুতে ও শেষে পাকিস্তানের অধিনায়ক ও ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ইন্ডিয়ান ক্রিকেটাররা।
ইউডি/এবি

