বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ১৯:১৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে ঢাকার আসনটি রেখে বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিতদের শপথ রয়েছে। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটের পর ২৯৭ জনের গেজেট হয়েছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)।
এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।
ইউডি/এবি

