যে কারণে জুলাই, চাই না সে কারণ আবারও হোক: জামায়াত আমির
উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৪৫
বিভিন্ন সিন্ডিকেটের কবলে থাকা জনগণকে ভোগান্তিহীন একটি দেশ উপহার দিতে সরকারি দলকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতের বিজয়ী এমপিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
জামায়াত আমির বলেন, জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। এ অবস্থা থেকে আমরা জনগণকে উদ্ধার করতে পারব, যদি সরকারি দল আন্তরিকতার সঙ্গে উদ্যোগ গ্রহণ করেন। আমরা সেইক্ষেত্রে সহযোগিতা করব বলে আশ্বাস দিচ্ছি। এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব।
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে এবং জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয়, তবে এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ।
কিন্তু যদি আমরা জুলাই আকাঙ্ক্ষাকে ভুলে যাই, তবে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে। আমরা চাই, যে কারণে জুলাই ফিরে এসেছে, সেই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়নি, তবে আমরা আশা করি সরকারি ও বিরোধী দল মিলে দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এটি অর্জনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আন্তরিকতা থাকলে আমরা তা পারব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি এবং জুলাই যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছি। আগামীকাল থেকে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ার কথা, তাই আমরা আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। বৈষম্য সৃষ্টি এবং ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল জানিয়ে তিনি বলেন, সেই যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
ইউডি/এআর

