নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যেসব অতিথিরা

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যেসব অতিথিরা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:৫৮

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী ও ইন্ডিয়ার স্পিকার এবং ব্রিটেন, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও ইন্ডিয়ার লোকসভার স্পিকার ওম বিড়লা। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাদের ঢাকায় স্বাগত জানিয়েছেন।

তিন অতিথির মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট নিয়মিত ফ্লাইটে এবং ভুটানের প্রধানমন্ত্রী ও ইন্ডিয়ার লোকসভার স্পিকার বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে আজ ভোর পর্যন্ত ব্রিটেন, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন।

অনুষ্ঠানে ব্রিটেনের ইন্ডিয়া–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, ইন্ডিয়া, পাকিস্তানসহ ১৪ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading