পাকিস্তানে তুমুল গোলাগুলি, ১১ সেনা সদস্যসহ নিহত ২৩
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৩০
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনীর যৌথ চেকপোস্টে তুমুল গোলাগুলিতে ‘ভারত–সমর্থিত’ ১২ জন সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার (এলইএ) যৌথ চেকপোস্টে ‘কাপুরুষোচিত’ হামলার চেষ্টা চালানো হয়।
হামলাকারীরা চেকপোস্টের নিরাপত্তা ভেদ করতে চাইলেও নিরাপত্তা বাহিনীর দ্রুত ও দৃঢ় প্রতিক্রিয়ায় তাদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়।
তবে হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি যানবাহন চেকপোস্টের সীমানা প্রাচীরে আঘাত করলে কাছাকাছি একটি বেসামরিক আবাসিক ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এতে এক কিশোরী নিহত এবং নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন।ঘটনার পর এলাকায় তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। সূত্র: জিও নিউজ
ইউডি/এআর

