৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:২৫
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো আজ (১৭ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।
আর এর মধ্যদিয়ে প্রায় ৩৫ বছর পর দেশের জনগণ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ।
১৯৯০ সালের পর দীর্ঘ সময় ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ফলে তিন দশকেরও বেশি সময় পর দেশের নেতৃত্বে পুরুষ প্রধানমন্ত্রী এসেছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি দেশের ইতিহাসে দলটির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন।
অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
ইউডি/এআর

