অস্ত্র সমর্পণের ৬০ দিনের আল্টিমেটাম প্রত্যাখ্যান হামাসের
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৪৫
৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ করতে হবে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার যে আল্টিমেটাম দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার।
৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন।
তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তা বলেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র, এমনকি একে-৪৭ সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি তারা। অস্ত্র সমর্পণ না করলে নতুন করে ইসরাইলি বাহিনী (আইডিএফ) সামরিক অভিযানে নামবে বলেও হুমকি দেন তিনি।
তবে ইসরাইলি সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। আল জাজিরার প্রতিবেদন মতে, সোমবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি বলেন, ইসরাইলের এই ধরনের দাবি সম্পর্কে তার কোনো ধারণা নেই।
মাহমুদ মারদাবি বলেন, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গণমাধ্যমের মাধ্যমে দেয়া বিবৃতিগুলো কেবলই হুমকি। চলমান আলোচনায় এর কোনো ভিত্তি নেই।’ হামাসের এই কর্মকর্তা আরও বলেন, নতুন করে যুদ্ধ শুরুর যেকোনো হুমকি ‘এই অঞ্চলের জন্য গুরুতর পরিণতি’ বয়ে আনবে’। ‘প্যালেস্টাইনিরা কখনও আত্মসমর্পণ করবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
গাজায় ‘যুদ্ধবিরতি চুক্তি’র দ্বিতীয় পর্যায় শুরু হয় গত জানুয়ারির মাঝামাঝি সময়ে। আমেরিকা বলেছে, তারা হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি দেখবে। তবে ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা দখল করে রাখবে ততক্ষণ পর্যন্ত অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে হামাস।
চলতি মাসের শুরুর দিকে গাজার বাইরে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশাল প্যালেস্টাইনি সংগঠনগুলোর অস্ত্র জমা দেয়ার দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, কোনো দখলকৃত জাতির কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে তারা সহজ টার্গেটে পরিণত হবে এবং সহজেই তাদের দমন বা ধ্বংস করা যাবে।
ইউডি/রেজা

