একুশে ফেব্রুয়ারির সাজসজ্জা: শহীদ মিনারের নতুন রূপ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫৫
রক্তে রাঙানো সেই একুশ আবারও দুয়ারে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে গোটা জাতি। গৌরব আর বেদনার দিন একুশে ফেব্রুয়ারি ঘিরে সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার।
রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা শহীদ মিনার এখন এক কর্মযজ্ঞের কেন্দ্র। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নতুন রঙের প্রলেপ, বেদির চারপাশে পরিচ্ছন্নতার ছোঁয়া…সবই যেন শেষ মুহূর্তের ব্যস্ততা।
এ কাজে নিয়োজিত কর্মীরা জানান, মিনারের মূল কাঠামোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। রং করার কাজ শেষ হলেই মিনারের পেছনে প্রতীকী লাল সূর্যটি স্থাপন করা হবে।
এদিকে চারুকলার নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ। তুলির আঁচড়ের আগে টানা হচ্ছে রেখা, যেই রেখায় যেন ফিরে আসবে বায়ান্নর সেই উত্তাল দিন।
নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি বিশেষ পরিকল্পনাও নেয়া হয়েছে। লাখো মানুষের পদচারণায়ও যেন অটুট থাকে শৃঙ্খলা এবং শ্রদ্ধা জানানোর মুহূর্তে যেন কোনো বিঘ্ন না ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালযয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. আজহারুল ইসলাম বলেন, শহীদ মিনারের পাদদেশে আজকে আল্পনার কাজ হচ্ছে। আগামীকাল রাস্তায় কাজ করা হবে। বিশিষ্ট মনীষীদের বাণীগুলো দেয়ালে প্রতিস্থাপন করা হবে। সব কাজই ভালোভাবে হবে বলে আশা করি।’
ইউডি/রেজা

