পাল্লা দিয়ে বাড়ল রুপার দামও, ভরি কত?
উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১:১৬
দেশের বাজারে সোনার দাম বাড়ার পর এবার রুপার দামও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ দফায় রুপার দাম ভরিতে এক লাফে ৩৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর সিলভার ও সোনার সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে টানা ২ দফা পতনের পর দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইউডি/এআর

