ইউক্রেন চায় যুদ্ধ যেন না থামে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০০
ইউক্রেন যুদ্ধের অবসান চায় না বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি বলেছেন, যুদ্ধ শেষ হলে অর্থায়নও শেষ হয়ে যাবে। তাই ইউক্রেন চায় যুদ্ধ যেন না থামে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় এখনো ‘সাধারণ বুদ্ধি’ কাজ করছে এবং তারা নিজেদের পরিবারের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে বিলিয়ন ইউরো অন্যের যুদ্ধে পাঠাতে চায় না। তার ভাষায়, ‘এখনই শান্তির সময়’।
ওরবানের এই অবস্থান ইউরোপীয় রাজনীতিতে নতুন নয়। তিনি বরাবরই ইউক্রেনকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেয়ার বিষয়ে আপত্তি তুলেছেন এবং দ্রুত যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন।
তবে ইউক্রেন ও তাদের সমর্থক দেশগুলো বলছে, এটি শুধু অর্থের প্রশ্ন নয়; তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে।
এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আজ রোববার ১৫৫৯তম দিনে গড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। যুদ্ধে নতুন করে প্রাণহানি ও হামলার খবর এসেছে বিভিন্ন অঞ্চল থেকে।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছে, তাদের নিজস্ব তৈরি ‘ফ্লেমিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামারা অঞ্চলের একটি গ্যাস প্লান্টে আঘাত হেনেছে। এই পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেই বেসামরিক মানুষ ও অবকাঠামো বড় ক্ষতির মুখে পড়ছে।
ইউডি/এআর

