পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার
উত্তরদক্ষিণ। বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নিজের পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
আগামী ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও, মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।অব্যাহতির বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণ রয়েছে যার ফলে আমি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছি।’উল্লেখ্য, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তনের খবর আসার পরদিনই ডিএমপি কমিশনারের এই পদত্যাগের আবেদনটি সামনে এলো।
শেখ মো. সাজ্জাত আলী পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৬ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, তবে ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর তাকে পুনরায় ডিএমপির দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পুলিশ বাহিনীকে পুনর্গঠনে গত কয়েকমাসে তার বলিষ্ঠ ভূমিকা প্রশংসিত হয়েছে।
এখন তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে।
ইউডি/এআর

