বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কমিটিতে রয়েছেন।

অফিস আদেশে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। তাদের অভ্যর্থনা, আবাসন, ভোটকেন্দ্র পরিদর্শন এবং অন্যান্য কার্যক্রমের ছবি ও তথ্য সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা হবে।

ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটিকে বিদেশি পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ, বিভিন্ন কার্যক্রমের রাইটআপ ও আলোকচিত্র সংকলন এবং চূড়ান্ত প্রকাশনা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading