বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২০

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, সরকারের নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগের সূচনা বগুড়া থেকেই হবে।ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক (পাইলট) বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি কমিটি করা হয়েছে, যাতে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের এ কর্মসূচির আওতায় আনা হবে। প্রতি পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন।

একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।প্রাথমিকভাবে চার মাস পরীক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালনার পর ফলাফল মূল্যায়ন করে ধাপে ধাপে দেশের সব উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের প্রত্যাশা, এ উদ্যোগ নিম্নআয়ের পরিবারের আর্থিক সুরক্ষা জোরদার করার পাশাপাশি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading