অ্যালেনের বিশ্বরেকর্ড: দ.আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড
উত্তরদক্ষিণ। বুধবার (৪ মার্চ) ২০২৬, আপডেট ২৩:০০
সেমিফাইনালে পাত্তাই পেলো না দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফিন অ্যালেনের দ্রুততম সেঞ্চুরিতে ফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড।
ইডেন গার্ডেন্সে বুধবার (৪ মার্চ) ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ঝড়ে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পেলো কিউইরা। সেইফার্ট ফিফটি করে আউট হলেও ১০০ রানে অপরাজিত ছিলেন অ্যালেন।
মাত্র ৩৩ বলে ১০ চার ও ৮ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাবেক ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে অবশ্য দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি দখলে রেখেছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হিসেব ধরলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখন অ্যালেনের দখলেই। এ ফরম্যাটে এর আগে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ডেভিড মিলার ও রোহিত শর্মা।
ইউডি/এবি

