ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাট্রটিকে বড় জয় চেলসির

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাট্রটিকে বড় জয় চেলসির

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১০:১৩

দারুণ আলো ছড়িয়ে চেলসি অধ্যায়টা শুরু করেছিলেন জোয়াও পেদ্রো। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মৌসুমের মাঝপথে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। সম্প্রতি ফর্মে ফেরা সেই পেদ্রোর হ্যাটট্রিকেই এবার চ্যাম্পিয়ন্স লিগে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে ঢোকার দিনে তারা অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে।

(বুধবার) রাতে ভিলার মাঠে নেমে আধিপত্য দেখাল সফরকারী চেলসি। ম্যাচের শুরুতেই স্বাগতিকরা এগিয়ে গেলেও সেটি টিকেছে ৩৫ মিনিট পর্যন্ত। এরপর বিরতির আগেই লিড নেওয়া চেলসি দ্বিতীয়ার্ধে আরও দু’বার প্রতিপক্ষের জাল কাঁপায়। জোয়াও পেদ্রোর হ্যাটট্রিক ছাড়াও একটি গোল করেন কোল পালমার। বিপরীতে ভিলার একমাত্র গোলটি ডগলাস লুইজ করেছেন।

৫৯ শতাংশ বলের দখল রেখে চেলসি ১৭টি শট নিয়েছে, যার ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৮ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে ভিলা। যদিও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা স্বাগতিকরা শুরুতে ভিন্ন আভাস দিয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সতীর্থের বাড়ানো পাস ডি-বক্সে পেয়ে চেলসি ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে ব্যাক-হিলে জালে জড়িয়েছেন লুইজ। ৩৫তম মিনিটে খুব কাছ থেকে ফিনিশিং টাচে পেদ্রো ম্যাচের সমতা টানেন।

বিরতির আগে ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে চেলসিকে লিড পাইয়ে দেন এই ব্রাজিলিয়ান। এনজো ফার্নান্দেজের থ্রু বল ধরে আগুয়ান ভিলা গোলরক্ষক এমি মার্টিনেজের মাথার ওপর দিয়ে বাঁ পায়ে ফ্লিক করেন পেদ্রো।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরও ব্যবধান বাড়ায় লিয়াম রোজেনিয়রের দল। রিস জেমসের শট মার্টিনেজ ঠেকিয়ে দেওয়ার পর বক্সের মাথা থেকে বাঁ পায়ের জোরালো শট নেন পালমার। চেলসি স্কোরকার্ড ৩-১ এ পরিণত করে। ৬৪তম হ্যাটট্রিক পেয়ে যান জোয়াও পেদ্রো। আলেহান্দ্রো গার্নাচোর পাস পেয়ে ডান পায়ের শটে তিনি বল জালে জড়ান। গত গ্রীষ্মে চেলসিতে যোগ দিয়ে এটি ব্রাজিলিয়ান তরুণের প্রথম হ্যাটট্রিক এবং এই মৌসুমে ১৪তম গোল।

এই জয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এলো চেলসি। অবশ্য সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে এর পরই অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের। ভিলা ৫১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading