আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, আপডেট ২৩:৪৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
আগামী ৮ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হবে।
এ কর্মসূচির আওতায় এ বছর গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব প্রদান এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোছা. আফরোজা ইয়াসমিনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হবে।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সম্মাননা প্রদান করা হবে।
ইউডি/এআর

