ফ্যামিলি কার্ড কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ: অর্থ উপদেষ্টা
উত্তরদক্ষিণ। সোমবার (৯ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৫৫
সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অপচয় কমিয়ে প্রকৃত উপকারভোগীদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার ডিজিটাল পদ্ধতিতে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সোমবার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি সরকার আগামীকাল পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে। ক্রমান্বয়ে দেশের সব পরিবারকে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে যে অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছে, সেই প্রেক্ষাপটে সামাজিক সুরক্ষার নতুন উদ্যোগগুলোকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা উচিত। তিনি বলেন, ‘আমরা যে পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপের উত্তরাধিকার পেয়েছি, তা বিবেচনায় নিলে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’
ইউডি/এবি

