বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, আপডেট ০৯:২০
বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং অপচয় রোধে কঠোর অবস্থানে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (৯ মার্চ) থেকে প্রতিদিন ইফতারের পর থেকে রাত ১১টা পর্যন্ত এলাকাভিত্তিক এই অভিযান পরিচালনা করা হবে।
এর আগে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, মূলত অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতে এবং গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও মাঠে থাকবেন।
নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিভিন্ন জোনে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। গুলশান ও হাতিরঝিল এলাকায় অভিযানের নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী। মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মো. মাছুদুর রহমান।
অন্যদিকে, নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা। বেইলি রোড ও শান্তিনগর এলাকায় তদারকির দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মনসুর।
পুরান ঢাকার বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম দেখবেন সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ। মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করবেন সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান।
এছাড়া এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন পাটওয়ারী এবং বনানী ও মহাখালী এলাকায় অভিযানের দায়িত্বে থাকবেন সিনিয়র সহকারী সচিব মো. আবুবক্কর সিদ্দিকী।
বিদ্যুৎ বিভাগের এই বিশেষ অভিযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত চলবে বলে জানানো হয়েছে।
ইউডি/কেএস

