জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, আপডেট ১০:২০

দেশে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বিপিসির চট্টগ্রাম কেন্দ্রীয় কন্ট্রোল সেল ছাড়াও ঢাকা, বগুড়া, খুলনা, সিলেট ও বরিশালে আঞ্চলিক কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।

বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি এবং সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিগুলোর সমন্বয়ে এ কন্ট্রোল সেলগুলো গঠন করা হয়েছে।

আঞ্চলিক কন্ট্রোল সেলগুলো প্রতিদিন সংশ্লিষ্ট অঞ্চলের ডিপোসমূহে পেট্রোলিয়াম পণ্যের মজুদ (শোর ট্যাংক ও ফ্লোটিং), সরবরাহ (ডিসপ্যাচ) ও বিক্রয় পরিস্থিতি এবং ডিজেলের খুচরা মূল্য সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় কন্ট্রোল সেলে পাঠাবে।

কেন্দ্রীয় কন্ট্রোল সেলের মাধ্যমে প্রস্তুত করা পেট্রোলিয়াম পণ্যের মজুদ প্রতিবেদন নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।

এছাড়া চলমান পরিস্থিতি এবং কৃষি সেচ মৌসুমে ডিলার ও এজেন্টদের অনুকূলে ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেলের পরিমাণ ও বিক্রয় সংক্রান্ত তথ্য আঞ্চলিক কন্ট্রোল সেল থেকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে অবহিত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের বিতরণ, মজুত, পাচার বা ভেজাল সংক্রান্ত যেকোন তথ্য সংশ্লিষ্ট কন্ট্রোল সেলে তাৎক্ষণিকভাবে জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading