বাড্ডায় দেয়াল ধসে প্রাণ গেল ২ শিশুর
উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ১৬:০০
রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশু প্রাণ হারিয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো—আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।নিহত আয়শার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি।
এসময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। ভেতরে দেয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু।
শিশু দুটি যখন ঠিক দেয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেওয়ালের নিচ থেকে বের করে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।মো. ইকবাল আরও জানান, ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে মেঝো আয়শা। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে সে।
তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়। নিহত নুসরাত জাহান মরিয়ম বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ইউডি/এআর

