সব ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া সরকারের কাজ: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ২০:০০
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের সরকারের কাজ।
বৃহস্পতিবার (১২ মার্চ) কোয়াব (কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত এক ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
কেবল অপারেটরদের বিভিন্ন ধরনের সমস্যার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “আমরা এখন ইন্টারনেট-ভিত্তিক সমাজের মধ্যে ঢুকে পড়েছি।”
আইপি টিভি ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে কেবল টিভি ব্যবসাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকার যদি একটি কাঠামো দাঁড় করাতে পারে, তবে ব্যবসায়ী হিসেবে আপনাদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
এ ক্ষেত্রে তথ্যমন্ত্রী বিশেষজ্ঞদের মাধ্যমে কেবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো উপস্থাপনের জন্য কোয়াব নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, “তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হবে এ ধরনের শিল্প খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর সমস্যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করা এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করা।”
তথ্যমন্ত্রী কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যার সমাধানে ভবিষ্যতেও কোয়াবের সাথে মতবিনিময় করবেন বলে জানান।অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, কোয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউডি/এআর

