আইসিইউতে মির্জা আব্বাস
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, আপডেট ২৩:৩১
গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।এদিকে শুক্রবার জুমার নামাজ শেষে এভারকেয়ারে চিকিৎসাধীন সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নেওয়া হতে পারে। মেডিকেল বোর্ডের অনুমতি পেলে সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মির্জা আব্বাসের পরিবার।বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
সেই অনুযায়ী, তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।রফিকুল ইসলাম আরও বলেন, শুক্রবার সকালে উনার (মির্জা আব্বাস) সিটিস্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
১১ মার্চ ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। এরপর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
ইউডি/এআর

