আরব আমিরাতে ফের ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট ২০:২৫
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রবিবার (১৫ মার্চ) আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
এই দফার হামলায় দেশটিতে নতুন করে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোন আকাশেই ধ্বংস করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আরব আমিরাতের আকাশসীমা রক্ষায় দেশটির বাহিনী মোট ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে।
উল্লেখ্য, চলমান এই যুদ্ধে ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।এদিকে, একই দিনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‘লাহাভ ৪৩৩’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘জিলাত’ লক্ষ্য করে তারা শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে।
তবে ওই বিবৃতিতে হামলার শিকার স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ফলে সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি।
সূত্র: এএফপি, আল জাজিরা।
ইউডি/এআর

