ঈদে একসঙ্গে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

ঈদে একসঙ্গে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১৪:২০

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঈদগাহ ময়দানের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতিও এই জামাতে অংশগ্রহণ করবেন।

ফলে দীর্ঘ সময় পর দেশের দুই শীর্ষ ভিভিআইপিকে একই সঙ্গে জাতীয় ঈদগাহের জামাতে নামাজ আদায় করতে দেখা যাবে।এই বিশেষ পরিস্থিতি বিবেচনায় ঈদগাহ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হচ্ছে।জাতীয় ঈদগাহের প্রস্তুতির বিষয়ে মীর শাহে আলম বলেন, ‘ঈদগাহের সার্বিক কাজ প্রায় শেষ পর্যায়ে।

এবার নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লি যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে। ওজুখানা থেকে শুরু করে বৃষ্টির পানি নিষ্কাশন—সব দিকেই কড়া নজর দেওয়া হচ্ছে।’

যদি প্রাকৃতিক দুর্যোগ বা ভারী বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহ ময়দান নামাজ আদায়ের উপযোগী না থাকে, তবে বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ওপর ভিত্তি করে প্রশাসন সব ধরনের আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

বিগত কয়েক বছরের তুলনায় এবার জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং নিরাপত্তার সমন্বয় এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading