মামলা থেকে অব্যাহতি মিলল শেখ হাসিনাসহ ১২৪ জনের
উত্তরদক্ষিণ। শুক্রবার , ২০ মার্চ, ২০২৬, আপডেট ১৪:০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুরান ঢাকার কেরানীগঞ্জে জিহাদ (১১) নামে এক কিশোরকে ‘হত্যা’ করার অভিযোগে দায়ের করা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
তদন্তে জানা গেছে, মামলার এজাহারে যাকে মৃত বলে দাবি করা হয়েছিল, সেই কিশোর আসলে জীবিত রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এই অব্যাহতির আদেশ দেন।
পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার নথিতে জিহাদকে কেরানীগঞ্জে ‘নিহত’ হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে সে জীবিত। এমনকি ঘটনার স্থান ও বর্ণনায় ব্যাপক অসঙ্গতি পাওয়া গেছে।
তদন্তে দেখা যায়, হাজারীবাগে আহত হওয়ার একটি সাধারণ ঘটনাকে কেরানীগঞ্জে বড় ধরনের ‘হত্যা মামলা’ হিসেবে সাজানো হয়েছিল।আদালতের এই আদেশের ফলে মামলা থেকে নিষ্কৃতি পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ১২৪ জন আসামি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এটি একটি হত্যা মামলা হিসেবে দায়ের করা হলেও ভুক্তভোগী কিশোর জিহাদ নিজেই আদালতে উপস্থিত হয়ে স্বীকার করেছে যে সে জীবিত এবং শুধুমাত্র জখমপ্রাপ্ত হয়েছিল।
ভুক্তভোগীর জবানবন্দি এবং পুলিশের ফাইনাল রিপোর্ট পর্যালোচনার পর আদালত মামলাটি খারিজ করে সব আসামিকে অব্যাহতির সিদ্ধান্ত নেন।
কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ১১ আগস্ট তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বদিয়ার রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পর্যালোচনার পর আদালত গতকাল এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
ইউডি/এআর

