ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
উত্তরদক্ষিণ। রবিবার (২২ মার্চ) ২০২৬, আপডেট ১৪:০০
ফেনীর সদর উপজেলায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
রোববার ভোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। তাদের একজন, ঢাকার বাংলামোটর এলাকার মুস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোরশেদ (৩৯) ও লালবাগ এলাকার সোহাগ (৩৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আসাদুল বলেন, “রামপুর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার কাজের সিগন্যাল দেখে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহী ‘শ্যামলী পরিবহনের’ একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
‘এ সময় বাস ও অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কয়েকটি বাসের জট লেগে যায়। তখন বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ‘দোয়েল পরিবহনের’ একটি স্লিপার বাস ওই জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়।’
ইউডি/এবি

