হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা ইরানের
উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ মার্চ, ২০২৬, আপডেট ১৬:৩৫
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালী ‘বন্ধ নয়।’ কিন্তু আমেরিকা ও ইসরাইলের ‘ইচ্ছাকৃত যুদ্ধের’ ভয়ে জাহাজগুলো পার হতে দ্বিধা করছে।
রবিবার (২২ মার্চ) এক্স-এ আব্বাস আরাঘচি বলেন, ‘হরমুজ প্রণালী বন্ধ নয়। জাহাজগুলো দ্বিধা করছে কারণ বীমা কোম্পানিগুলো আপনাদের শুরু করা ইচ্ছাকৃত যুদ্ধকে ভয় পাচ্ছে — ইরানকে নয়।’
তিনি আরও বলেন, বাণিজ্যের স্বাধীনতা ছাড়া নৌ-চলাচলের স্বাধীনতা থাকতে পারে না। উভয়কেই সম্মান করুন —অথবা কোনোটিকেই নয়।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, হরমুজ প্রণালী ‘অবরুদ্ধ নয়।’
তবে এতে আরও বলা হয়, আগ্রাসনকারী পক্ষগুলোর জাহাজগুলোকে স্বাভাবিক ও শত্রুতা পূর্ণ নয়, এমন বিবেচনা করা যাবে না এবং সংঘাত থেকে উদ্ভূত যে আইনি কাঠামো, সেই অনুযায়ী এবং উপযুক্ত ইরানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও পদক্ষেপ অনুসারে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মার্চের শুরু থেকে ইরান হরমুজ প্রণালীকে বেশিরভাগ জাহাজের জন্য কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যা দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ চলাচল করে।
এই বন্ধের কারণে জাহাজীকরণ ও বীমা খরচ বেড়েছে, তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এর আগে শনিবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগত এই পথটি খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবেন।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে সংঘাত বেড়েছে, যার জবাবে তেহরান ইসরাইল এবং মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সূত্র: ডন
ইউডি/রেজা

