ইসরায়েলি পার্লামেন্টে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা, অধিবেশন স্থগিত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, আপডেট ১২:৪২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠায় ইসরায়েলের পার্লামেন্টের (নেসেট) একটি গভীর রাতে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। নেসেট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সতর্কতা জারির পর অধিবেশনটি বন্ধ করা হয় এবং প্রায় ১৫ মিনিট পর তা আবার শুরু করা হয়।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম-এর তথ্য অনুযায়ী, জেরুজালেমে এই ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত সোমবার (১৫ মার্চ) পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছিল।
গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সাইরেন বাজার পর নেসেট সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যানুসারে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের কাছেও ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ পড়েছিল।
চলতি মাসের প্রথম সপ্তাহেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সময় সরকারি ও বিরোধী দলের সদস্য একত্রে নেসেটের ‘ডায়াসপোরা কমিটি’র রুমে আশ্রয় নেন, যা বোম্ব শেল্টার হিসেবে নির্মিত।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, আজ সোমবার ইরান থেকে ছোড়া ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী নেশের শহরে আঘাত হেনেছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউডি/রেজা

