মহান স্বাধীনতা দিবস: ঐতিহ্যবাহী কুচকাওয়াজের ফিরে আসা

মহান স্বাধীনতা দিবস: ঐতিহ্যবাহী কুচকাওয়াজের ফিরে আসা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৫৮

দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।

ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। শুরুতেই উপ-অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

প্রথমেই মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি রাষ্ট্রপতিও। ডামি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ডামি প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান।

সশস্ত্র সালামসহ কুচকাওয়াজের অনুমতির পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো।

এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট-প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাঁজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্টসহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, বাংলাদেশ বিমানবাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট।

এরইমধ্যে আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। এরপর শুরু হয় বিমানবাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শুরু হয় চূড়ান্ত মহড়া। অংশ নেন সেনা, নৌ ও বিমানসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুচকাওয়াজ অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading