আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম

আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ মার্চ, ২০২৬, আপডেট ১২:৩৫

ঈদুল ফিতরের আমেজ কাটিয়ে মানুষ যখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, তখনই নতুন করে তিন দিনের ছুটিতে আবারও গ্রামমুখী হতে দেখা গেছে অনেককে। মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির আগের দিন বুধবার রাজধানীর রেলস্টেশনগুলোতে দেখা গেছে মিশ্র চিত্র। ঢাকায় ফেরার চাপ কিছুটা কম থাকলেও ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। এছাড়া গত দুদিনের মতো আজ সকালেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম।

ঈদের সাত দিনের ছুটি শেষে গতকাল ও আজ অফিস করেই আগামীকাল থেকে শুরু হচ্ছে আরও তিন দিনের নতুন ছুটি। যারা দীর্ঘ ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তারা এই সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকা ছাড়ছেন। আবার গত সাত দিন গ্রামে কাটিয়ে ঢাকায় ফিরে মাত্র দুদিন অফিস করেই অনেকে ফের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কমলাপুর রেল স্ট্রেশনে অপেক্ষারত রংপুরের যাত্রী মোফাজ্জল হোসেন জানান, অফিসের জরুরি প্রয়োজনে গতকালই তাকে ঢাকায় ফিরতে হয়েছিল। আজ সকাল ৯টার মধ্যে কাজ শেষ করে দুপুর ১২টার ট্রেনে তিনি আবারও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী শুক্রবার ছোট ভাইয়ের বিয়ে থাকায় তড়িঘড়ি করেই অফিসের হাজিরা দিয়ে বেরিয়ে পড়েছেন তিনি।

শুধু মোফাজ্জল হোসেনই নন, ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে যারা কর্মস্থলে ফিরেছিলেন, তাদের অনেকেই এই নতুন তিন দিনের ছুটিতে আবারও ঢাকা ছাড়ছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকেল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর অগ্রিম টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। যাত্রীরা আগে থেকেই এই তিন দিনের ছুটির পরিকল্পনা করে রেখেছিলেন।

এদিন সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসা অন্তত ১০টি ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছেছে। তবে এর মধ্যে ৩-৪টি বাদে সবগুলোরই শিডিউল বিপর্যয় ঘটেছে। কোনো কোনো ট্রেন এক ঘণ্টারও বেশি বিলম্বে স্টেশনে পৌঁছানোয় বিপাকে পড়েছেন যাত্রীরা। ফলে সকাল ১০টায় যাদের অফিসে যোগ দেওয়ার কথা ছিল, তাদের কর্মস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। স্টেশনে পৌঁছাতে দেরি হওয়ায় কয়েকটি ট্রেন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতেও বিলম্ব করেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading