মধ্যরাতে আগুনে পুড়ল ৫ দোকান
উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৪৫
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে উপজেলার করগাঁও বাজারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুস্তম আলী জুয়েল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
লেপ-তোষক ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন, আগুন লাগার পরপরই ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং নিকলী উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কসমেটিকস, লেপ-তোষক, ফার্মেসি ও সেলুনসহ মোট পাঁচটি দোকান পুড়ে যায়।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুস্তম আলী জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউডি/এআর

