আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, আপডেট ১০:১০

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‍“আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই- একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে।”

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে অন্যান্য আইন কর্মকর্তাদের নিয়ে অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধা নিবেদন করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “বাংলাদেশের মানুষের প্রত্যাশা- ক্ষুধা ও দারিদ্রমুক্ত সত্যিকারের স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতার পরিধির বাইরে আইন-আদালত থাকতে পারে না। তাই মানুষের প্রত্যাশা হলো- আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে, সুশাসন থাকবে এবং মানুষ সুবিচার পাবে।”

তিনি বলেন, “আমি মনে করি, ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন এ দেশের মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি- এই প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকেরই সংকল্প হওয়া উচিত, সেই প্রত্যাশাগুলো পূরণ করা; যা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেও কখনো বাস্তবে পায়নি।”

তিনি আরো বলেন, “আমরা সেই স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাব। ইতোমধ্যেই নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশার মানও বেড়েছে। আমি মনে করি, দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। সেই প্রেক্ষিতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই- যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

এর আগে বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading