জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১২:৫৮

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

সাইফুল আলম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলেও সংসদ ত্যাগ করবে না জামায়াতে ইসলামী। সংসদে থেকেই সরকারি দলের বিরোধিতা করবে।’

সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে, জাতির জন্য খুব হতাশাজনক হবে বলেও মন্তব্য করেন জামায়াতের এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘ব্রিটেনের একটি অর্গানাইজেশনের সঙ্গে আলোচনায় আমরা বলেছি, এই সংসদ আগের সংসদ থেকে ভিন্ন। কারণ সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত। এই সংসদের ব্যাপারে দেশের মানুষের আশা সম্পূর্ণ আলাদা।’

জুলাই সনদকে বাস্তবায়ন করাই সংসদের সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে সাইফুল আলম বলেন, ‘সরকারি দল জুলাই সনদের জন্য সংস্কার পরিষদের শপথ নেয়নি। এখনো বিভিন্ন আলোচনা চলছে এবং এরইমধ্যে একটা প্রস্তাব তারা নিয়ে আসতে চাইছে।’

তিনি আরও বলেন, ‘গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব নিয়ে কিছু বিষয় আসছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’

জামায়াতের এই নেতা বলেন, ‘জাতি ও দেশ-বিদেশের লোক দেখলো ঐকমত্য কমিশনে একমত বিষয়গুলো বাস্তবায়নে সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন কেউ যদি পিছু হটে তখন আমাদের জবাব কী হবে, জাতি হিসেবে আমরা লজ্জায় পড়ে যাবো।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading