থানায় ঢুকে পুলিশদের পেটানো সেই জামায়াত নেতা গ্রেপ্তার

থানায় ঢুকে পুলিশদের পেটানো সেই জামায়াত নেতা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৫:২০

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে আরও এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানার ওসি খান সারোয়ারে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে পলাশবাড়ী থানা পুলিশ ও জেলা ডিবির একটি চৌকস দল গৃধারীপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি এবং সাবেক ছাত্রশিবির নেতা। তিনি এই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তালিকায় ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ রাতে উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একদল যুবক থানায় প্রবেশ করেন। একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে ওসির ওপর চাপ সৃষ্টি করেন তারা।ওসি আইনি প্রক্রিয়ার কথা বলে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ওসির ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে এক নারী কনস্টেবলসহ পুলিশের ৯ সদস্য আহত হন।

ঘটনায় গত ২৬ মার্চ এএসআই রুহুল আমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনকে আসামি করে মামলা করেন।

ঘটনার দিনই তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। মিজানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলায় মোট ২ জন আটক হলো।

পলাশবাড়ী থানার ওসি খান সারোয়ারে আলম বলেন, ‘ভিডিও ফুটেজ ও তদন্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে।

গ্রেপ্তারকৃত মিজানকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading