টাঙ্গাইলে দুপক্ষের সংঘর্ষে ১১ বাড়িতে আগুন, নিহত ১
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৪ জুন) ২০২৬, আপডেট ২৩:০০
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় টানা চার ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহতের পাশাপাশি একজন নিহতের খবর পাওয়া গেছে। তাছাড়া সংঘর্ষ চলাকালে ১১টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত অর্ধশতাধিক দোকানপাট।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় এক মাস আগে বাকি টাকা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল আলম জানান, প্রায় এক মাস আগে গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রাম এবং ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎকুড়া গ্রামের কয়েকজনের মধ্যে একটি দোকানে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের মধ্যে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানও ছিলেন।
ইউডি/এবি

