ঈদে সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের সভা রবার

ঈদে সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের সভা রবার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৫০

ঈদুল ফিতরে সড়কে একাধিক বড় দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনার প্রেক্ষাপটে সড়ক নিরাপত্তা জোরদার করতে উচ্চপর্যায়ের সভা আহ্বান করেছে সরকার। সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে নিরাপত্তা বাড়াতে করণীয় নির্ধারণে আগামী রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যক্রম আরও জোরদার করতে এ সভা আয়োজন করা হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

এছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত থাকবেন।

গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এ সভা গুরুত্বপূর্ণ বলে মনে করছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এ আয়োজন। সড়কে দুর্ঘটনা কমানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় সমন্বিত পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading