২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ২:০০
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৭ হাজার ১১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৫ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৭ হাজার ১১০টি যানবাহন চলাচল করে।
এর মধ্যে ঢাকাগামী যানবাহন ছিল ১৫ হাজার ৬৪২টি, যার বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬৫০ টাকা।অন্যদিকে একই সময়ে উত্তরবঙ্গগামী ২১ হাজার ৪৬৮টি যানবাহন পারাপার হয়।
এ দিক থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকা।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে মানুষের চাপ বেড়েছে।
যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। দুই পাশেই দুটি করে বুথ মোটরসাইকেলের জন্য আলাদাভাবে চালু রয়েছে। আমরা সার্বক্ষণিক বুথ চালু রাখার চেষ্টা করছি।”
উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর থেকেই টোল আদায় করে আসছে কর্তৃপক্ষ। বিগত সময়ে সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষের দিকে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায়ের দায়িত্ব নেয়।
ইউডি/এআর

